odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th March 2026, ৭th March ২০২৬

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই : প্রধান বিচারপতির শোক

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৪ ১৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৪ ১৯:২৬

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

আজ ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম অবসরে যান।

বিচারপতি ফজলুল করিম ১৯৪৩ সালে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আহমেদ কবীর। তিনি আব্দুল করিম সাহিত্যবিশারদের বংশধর।

ফজলুল করিম ১৯৫৮ সালে পটিয়ার কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৬৯ লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল’ হন।

১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচারপতি করিম ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন।

১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন: