odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th March 2026, ৭th March ২০২৬
যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা: আবুল কালাম আজাদ ও খসরুজ্জামান খসরু; তারেক রহমানের সর্বশেষ দলীয় কর্মসূচি

যুক্তরাজ্য বিএনপিতে নতুন নেতৃত্ব: আবুল কালাম আজাদ আহ্বায়ক, খসরুজ্জামান খসরু সদস্যসচিব

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ২৩:০০

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ২৩:০০

নিজস্ব প্রতিবেদক ১৫ ডিসেম্বর ২০২৫ ঢাকা:

সাংগঠনিক স্থবিরতা কাটানো এবং প্রবাসী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।


নতুন ঘোষিত কমিটিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক সিলেট–৩ আসনে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সুনামগঞ্জ–২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বর্তমানে নির্বাচনী প্রচারের জন্য বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের অনুপস্থিতির কারণে যুক্তরাজ্য বিএনপিতে এক প্রকার নেতৃত্বসংকট সৃষ্টি হয়েছিল।

এর পাশাপাশি, মালেক–কয়সর নেতৃত্বাধীন কমিটির মেয়াদ বহু বছর আগেই শেষ হওয়ায় সাংগঠনিক স্থবিরতাও বিদ্যমান ছিল।
এই পরিস্থিতি বিবেচনায় প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যেই নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানাচ্ছে দলীয় সূত্র।


এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগে যুক্তরাজ্যে এটিই তাঁর সর্বশেষ দলীয় কর্মসূচি হতে যাচ্ছে। তিনি আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যুক্তরাজ্যের দলীয় নেতা–কর্মীদের সঙ্গে অংশ নেবেন।
যুক্তরাজ্য বিএনপির দপ্তর

সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। আগামীকাল ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই সভা অনুষ্ঠিত হবে।


আরও জানা গেছে, এই অনুষ্ঠানে সভাপতিত্ব ও অনুষ্ঠান পরিচালনার জন্য গতকাল বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক এবং সাবেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। তাঁরা লন্ডনে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুরোনো কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।


দলীয় সূত্র আরও জানায়, বিজয় দিবসের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তারেক রহমান যুক্তরাজ্যে দলীয় নেত–কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। সময়স্বল্পতার কারণে কমিউনিটির সদস্য ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: