04/27/2026 গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
odhikarpatra
২৭ April ২০২৬ ১৭:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩১ আপডেট: ১৬:৪৮
যশোরের শার্শা উপজেলায় উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী Tarique Rahman গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটকে ভিন্ন পথে পরিচালিত করে দেশে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে এবং গণভোটের রায়কে অন্যদিকে নিতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। দেশের উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করার অপচেষ্টাও তারা চালাতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের অগ্রগতি যাতে ব্যাহত না হয়, সে জন্য জনগণকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত মেনে নেয় না। ভবিষ্যতেও কেউ জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে।
উলসী খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কে তিনি জানান, প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন করা হলে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবে এবং অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে। খালের দুই পাশে বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন