05/05/2026 মার্কিন অভিযানে ১৫ হাজার সেনা, ডেস্ট্রয়ার ও ১০০ যুদ্ধবিমান
odhikarpatra
৪ May ২০২৬ ১৮:৪৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সামরিক অভিযান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের অবরোধে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে এই অভিযান পরিচালিত হবে।
সোমবার (৪ মে) থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ, বহুমাত্রিক ড্রোন এবং ১০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। মার্কিন নৌবাহিনী অবরুদ্ধ জাহাজগুলোকে নিরাপদ পথ দেখিয়ে বের করে আনবে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন ইকনোমিক ফিউরি’ প্রত্যাশিত সফলতা না পাওয়ায় নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান একাধিকবার ইসরায়েল ও অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে ইরান, যার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩,৩৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ, যার মধ্যে চিকিৎসাকর্মীও রয়েছেন।