05/05/2026 ভিসা মেয়াদ শেষ হলে কঠোর নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল শেনজেন দূতাবাসগুলো
odhikarpatra
৫ May ২০২৬ ১৪:২৭
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত ইউরোপীয় দূতাবাসসমূহ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। সোমবার (৪ মে) দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ভিসার মেয়াদ ও শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো শেনজেনভুক্ত দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে ওই অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। শুধু তাই নয়, পরবর্তীতে ভিসা আবেদন করলে তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
দূতাবাসগুলো আরও জানায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে—কিছু ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন, যা শেনজেন অঞ্চলের অভিবাসন নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ধরনের অনিয়ম এড়াতে সবাইকে ভিসার শর্ত, মেয়াদ এবং অনুমোদিত অবস্থানকাল সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শেনজেন এলাকা হলো ইউরোপের একটি উন্মুক্ত ভ্রমণ অঞ্চল, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের সুযোগ রয়েছে। বর্তমানে ২৯টি দেশের সমন্বয়ে এই ব্যবস্থার আওতায় স্বল্পমেয়াদি ভ্রমণ (সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন) অনুমোদিত।
বিশেষজ্ঞদের মতে, শেনজেন ভিসা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করলে শুধু একটি দেশ নয়, পুরো শেনজেন অঞ্চলে ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে। ফলে ভিসাধারীদের জন্য এটি দীর্ঘমেয়াদি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
দূতাবাসগুলোর যৌথ আহ্বানে বলা হয়েছে, ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা আইনি জটিলতা এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশ ত্যাগ করতে হবে।