odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st October 2026, ২১st October ২০২৬

মানিকগঞ্জে পদ্মায় ৪৭ গরুসহ ডুবে গেল ট্রলার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:২৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ June ২০২৩ ২০:২৯

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। তবে কোনো মানুষ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রুপক গাজী।

ট্রলার মালিক ফারুক বলেন, নৌকায় ৪৭টি গরু ছিল। নৌকার সামনের দিক থেকে সরাসরি ডুবে গেছে। ট্রলারের নিচে ফেটে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য। ইউএনও শাহরিয়ার রহমান জানান, ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রাকান্দি এলাকায় পদ্মায় এ ঘটনা ঘটেছে।

গরু হারানো ব্যবসায়ী জমির উদ্দীন জানান, ট্রলারে তার ৮টা গরু ছিল, কিন্তু একটাও উদ্ধার করতে পারেননি। আবদুল্লাহ জানান, তিনি ৪টি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটি গরুর বাঁধন কেটে দিতে পারায় সেটিকে উদ্ধার করা গেছে। বাকি তিনটি উদ্ধার হয়নি।