odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 16th September 2026, ১৬th September ২০২৬

নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ পুলিশের বিশেষ শাখার : তদন্ত শুরু

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:০৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনায় সরকার দুঃখ প্রকাশ করে এবং প্রধান উপদেষ্টা ঘটনার তদন্তের নির্দেশ দেন।

গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না।

আজ পুলিশের বিশেষ শাখা জানায়, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের ‘ব্লকড লিস্ট'-এর কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এ তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বাদ দিতে শুরু করে। কাজটির বেশিরভাগই হাতে-কলমে করা হচ্ছে। ফলে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে। তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে।

বিশিষ্ট সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় আবারও দুঃখ প্রকাশ করে এসবি জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত গড়তে চায়।



আপনার মূল্যবান মতামত দিন: