অধিকারপত্র ডটকম ১৬ ই ডিসেম্বর ২০২৫।
✍️ ক্যাম্পাস প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, “যতদিন এই দেশ থাকবে, ততদিন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী, আল-বদর ও আল-শামসকে ঘৃণা করে যাব।”
মহান বিজয় দিবসের কর্মসূচিতে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর নির্মমতার কারণে এ দেশের মানুষ অবর্ণনীয় কষ্টের শিকার হয়েছে, অসংখ্য ভাই-বোন শহীদ হয়েছেন এবং পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা চালানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপাচার্য আরও বলেন, “বর্তমানে দেশে একটি গোষ্ঠী আমাদের জুলাই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ দেশে যেন আর কখনো ফ্যাসিস্ট ও জালিম শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে।”
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্যারেডে অভিবাদন গ্রহণ করেন।
এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বেলা ১১টায় শিক্ষক কমপ্লেক্স ও আবাসিক হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
