odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd March 2026, ২২nd March ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নবম পে-স্কেলের দাবিতে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়! কর্মচারীদের হুঁশিয়ারি— ‘ভাত দে, নইলে গদি ছাড়!

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৬ ১৮:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৬ ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক, কুবি: নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে এবং দ্রুত অধিকার আদায়ের লক্ষ্যে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নিয়ে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলে কর্মচারীদের কণ্ঠে ধ্বনিত হয়— 'ভাত দে, কাপড় দে, নইলে গদি ছেড়ে দে', 'নবম পে-স্কেল দিতে হবে, দিতে হবে', 'সারা বাংলায় খবর দে, পে কমিশন কবর দে'-এর মতো কড়া স্লোগান।
কর্মসূচিতে কুবি কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, “২০১৮ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকেই আমরা চরম বৈষম্যের শিকার। দীর্ঘ আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার পে-কমিশন গঠন করলেও কাজের কাজ কিছুই হয়নি।

কালক্ষেপণের মাধ্যমে বৈষম্য আরও বাড়ানো হয়েছে।”
চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম তার বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, “নিজেদের ন্যায্য ভাতের দাবিতে আজ আমাদের রাস্তায় নামতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। আমরা রাজনৈতিক কর্মী নই, সাধারণ কর্মচারী। ন্যায্য অধিকার আদায়ে কর্মস্থল ছেড়ে আন্দোলনে নামা আমাদের জন্য কষ্টের।”

একই সাথে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি এ কে এম কামরুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটি কোনো একক ব্যক্তির লড়াই নয়, সবার অস্তিত্বের লড়াই। প্রশাসন যদি অবিলম্বে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে আরও কঠোর এবং ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য দূরীকরণ ও নবম পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচিতে কুবি কর্মচারীদের সরব উপস্থিতি সেই দাবিকে আরও জোরালো করে তুলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: