odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 25th February 2026, ২৫th February ২০২৬

মাদক ও কিশোর গ্যাং রুখতে ক্রিকেট ঢাল হিসেবে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ February ২০২৬ ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ February ২০২৬ ১৮:৩৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন দায়িত্ব পেয়েই বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা ফেরাতে ‘সার্ভিলেন্স টিম’ গঠনের ঘোষণা দিয়েছেন পরিচালক আসিফ আকবর। একইসাথে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে মুক্ত রাখতে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আজকে (সোমবার) আমাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিল গেম ডেভেলপমেন্টের। এটার দায়িত্ব নেওয়ার ফলে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে এক্সট্রা মনোযোগ দিতে পারবো।’

বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে দল নির্বাচন কিংবা আম্পায়ারিংয়ের অনিয়ম রোধে বিসিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগে প্লেয়ারদের হোটেলের টাকা বা খাওয়ার টাকা নিয়ে অনেক গরমিল হতো। আমরা এখন সার্ভিলেন্স টিম করে ফেলছি। কোচ বা টিম সিলেকশনে বা আম্পায়ার স্কোরিংয়ে কোন দুর্নীতি হচ্ছে কি না, এগুলো আমরা অলরেডি মনিটর করা শুরু করে দিয়েছি এইজ লেভেল থেকে।’

‘খেলোয়াড়দের যে মানের হোটেলে থাকার কথা, যে ধরণের খাবার পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা এখন আমরা তদারকি করবো। নিজেকে প্রধান করে ইতিমধ্যে একটা কমিটি করেছি। উদাহরণ দিয়ে বলি, খেলা হচ্ছে কক্সবাজার, মনে হলো মনিটর করার দরকার তখন টিম পাঠিয়ে দিবো দেখে আসবে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা।’

তৃণমূলের ক্রিকেটকে শৃঙ্খলার মধ্যে আনতে আসিফ আকবর একটি দীর্ঘস্থায়ী কাঠামো তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘আমি চাচ্ছি আমার মেয়াদকালে একটা ডিসিপ্লিন তৈরি করতে, যেটা ভবিষ্যতে যে আসুক তারা মেনটেইন করতে বাধ্য হবে।’

মাঠের ক্রিকেটের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে মাদ্রাসার শিক্ষার্থীদেরও মূলধারার ক্রিকেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমাদের এই কিশোর গ্যাং, তারপর এই যে মাদক- এখান থেকে বাচ্চাদের সেভ করতে হয়।’

ঢাকার বাইরে ক্রিকেটের জোয়ার ফেরাতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার লক্ষ্য জানিয়ে আসিফ আকবর বলেন, ‘বগুড়ায় দেখছেন, আজকে (সোমবার, বিসিএল) মাঠে কি সুন্দর ভালো লাগছে! খুব ভালো মানে, ঢাকার বাইরে যত দিবেন তত ভালো। আমরা দ্রুততম সময়ে খুলনা, বরিশাল এবং বগুড়া- এই তিনটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসবো।’



আপনার মূল্যবান মতামত দিন: