অধিকারপত্র ডটকম ক্যাম্পাস প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য, পারস্পরিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, “এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ইবাদত। আমাদের সবার উচিত ইফতারের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা। সিএসই বিভাগের এ আয়োজনে এসে নিজ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুভূতি হচ্ছে।”
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসান বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের এ আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।”
আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
শাহরিয়ার হাসান জুবায়ের
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

আপনার মূল্যবান মতামত দিন: