odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 9th April 2026, ৯th April ২০২৬
ঢাকায় ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে, খলিলুর রহমানের দিল্লি সফরে বহুমুখী আলোচনা

ভারতের আশ্বাস: সহজ হচ্ছে বাংলাদেশিদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা

odhikarpatra | প্রকাশিত: ৮ April ২০২৬ ২১:৪২

odhikarpatra
প্রকাশিত: ৮ April ২০২৬ ২১:৪২

অধিকার পত্র ডটকম

নয়াদিল্লি, ৮ এপ্রিল ২০২৬: ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসার ক্ষেত্রে। আজ বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লিতে শুভেচ্ছা সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী নিজেদের প্রতিনিধিদল নিয়ে বসেন এবং একান্তেও কিছু সময় কথা বলেন।

বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশিদের জন্য ভারতের চিকিৎসা ভিসা চালু করা হচ্ছে।

বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, “আজ অপরাহ্ণে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে আপ্যায়ন করতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব গভীর করার প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এ লক্ষ্যে শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনাসহ তিন নেতার প্রত্যর্পণ চাওয়া হয়েছে

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফেরত চাওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম কোনো দ্বিপক্ষীয় আলোচনায় তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলো।

এ ছাড়া ‘ইনকিলাব মঞ্চ’র আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

ডিজেল–সার বাড়ানোর অনুরোধ, বিএনপি নেতার বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ

বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও আলোচনা করেন খলিলুর রহমান। তিনি সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ চালু করায় ধন্যবাদ জানান এবং সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। পুরী জানান, ভারত সরকার বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অপর দিকে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনকে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গত মঙ্গলবার রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে ওই চিঠি হস্তান্তর করেন। বিজয় চোথাউওয়াল এক্স-এ লিখেছেন, “বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ওই চিঠি লিখেছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে।”

সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক সুফলের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

অধিকার পত্র ডটকম – আপনার অধিকার, আমাদের দায়িত্ব।



আপনার মূল্যবান মতামত দিন: