সোমবার | ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
অধিকার পত্র ডটকম,
মূল প্রতিবেদন
বরিশাল, ২০ এপ্রিল ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
সোমবার বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, একটি দেশ বা জাতির ভবিষ্যৎ কখনোই সুস্থভাবে বিকশিত হতে পারে না, যদি সুস্থ ও সুন্দর বিনোদনের পথ উন্মুক্ত না থাকে। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে অবস্থানে পৌঁছেছে, তা সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে, যার ভিত্তি তৈরি হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়ে।
তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের অনেকেরই মনোযোগ ছিল না শিক্ষা ও তরুণদের উন্নয়নে। ফলে বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষা-বহির্ভূত কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে গুরুত্ব দিচ্ছে।
তথ্যমন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস হলেও এই সময়ের মধ্যেই ক্রীড়া ও সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খেলাধুলাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার, যাতে তরুণরা এটিকে পেশা হিসেবে গ্রহণে আগ্রহী হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। এবারের লীগে ৮টি গ্রুপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

আপনার মূল্যবান মতামত দিন: