অধিকার পত্র ডটকম এর নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ২৭ এপ্রিল ২০২৬,
নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা পাওয়া আগুনের একটি রহস্যময় গোলা স্থানীয়দের মধ্যে ব্যাপক বিস্ময় ও কৌতূহলের জন্ম দিয়েছে। এটি আদৌ উল্কাপিণ্ড ছিল, নাকি অন্য কোনো বস্তু, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকার আকাশে প্রথম এই অদ্ভুত দৃশ্যটি দেখা যায়। উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া প্রায় ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে একটি আগুনের গোলা সাপের মতো এঁকেবেঁকে দ্রুত নিচের দিকে নেমে আসছে। গোলাটির পেছন থেকে কালো ধোঁয়ার রেখা বের হচ্ছিল। কিছুক্ষণ পর এটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ করেই নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়।
ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, আগুনের গোলার সামনের দিকে আলো জ্বলছিল, যা অনেককে বিভ্রান্ত করেছে। এ সময় পাশেই একটি ঘুড়ি উড়তে দেখা যায়, যা বস্তুটির উচ্চতা ও গতি সম্পর্কে কিছুটা ধারণা দেয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন মত দেখা গেছে। অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে ধারণা করছেন। সাধারণত মহাকাশ থেকে আসা পাথর বা ধাতব খণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ঘর্ষণের কারণে জ্বলে উঠে এমন আগুনের রেখা তৈরি করে।
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন এটি কোনো সিগন্যাল ফ্লেয়ার বা ফ্লেয়ার গান থেকে নিক্ষেপ করা আলোক গোলা হতে পারে। কারণ এ ধরনের ফ্লেয়ার ধীরে ধীরে নেমে আসে এবং কিছু সময় পর নিভে যায়, যা ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সত্যিকারের উল্কাপিণ্ড সাধারণত অত্যন্ত দ্রুতগতিতে সোজা পথে অগ্রসর হয় এবং মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে বস্তুটির গতি তুলনামূলক ধীর এবং গতিপথে বাঁক লক্ষ্য করা গেছে, যা অন্য কোনো কৃত্রিম উৎসের সম্ভাবনাকে জোরদার করে।
এ বিষয়ে এখনো কোনো সরকারি বা বৈজ্ঞানিক সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে রহস্যময় এই আগুনের গোলা নিয়ে কৌতূহল ও আলোচনা আরও বাড়ছে।
দেশের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?
#নারায়ণগঞ্জ #রহস্যময়_বস্তু #উল্কাপিণ্ড #আকাশ #বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন: