অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হলে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নারী এমপিদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সংসদ সদস্যদের সজাগ থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ নানা ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ছিল এবং স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণ এখন গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় জাতীয় সংসদের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নারী সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। উপস্থিত ৩৬ জন নারী এমপির মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন।
সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগেই সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী আসন সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

আপনার মূল্যবান মতামত দিন: