অধিকারপত্র ডটকম : ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২২ মে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের প্রেরণা জাগিয়ে তোলে।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা শৈশব ও কৈশোরে নজরুলের কবিতা পড়ে বড় হয়েছেন, তাদের মনোজগৎ গঠনে নজরুলের গভীর প্রভাব রয়েছে। তিনি বলেন, কৈশোরে নজরুলের কবিতা পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম এবং আত্মত্যাগের চেতনা তৈরি করে।
তিনি আরও বলেন, খুব স্বল্প সময়ের কর্মজীবনে নজরুল যে অসামান্য সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন, তা বিশ্ব ইতিহাসেও বিরল। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও সংগীতসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তথ্যমন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য ও চেতনা শুধু ব্যক্তিমানুষকে নয়, জাতির সামষ্টিক চেতনাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের পেছনে নজরুল চেতনার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বর্তমান প্রজন্মের প্রতি নজরুলের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবাই নজরুল গবেষক হবেন না, তবে তার চেতনাকে যত বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে, সেটাই হবে জাতির জন্য বড় সম্পদ।
অনুষ্ঠানে তিনি বলেন, একদিকে নজরুল গজল লিখেছেন, অন্যদিকে কীর্তন ও শ্যামাসংগীত রচনা করেছেন। প্রেম, আধ্যাত্মিকতা, যুদ্ধ ও সংগ্রাম—সব বিষয়েই তার লেখনী সমান শক্তিশালী ছিল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুশফিকুল ফজল আনসারী।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসান হাফিজ এবং আলোচক হিসেবে বক্তব্য দেন খালেকুজ্জামান।
বাংলা সাহিত্য মানবপ্রেম দেশপ্রেম বাংলাদেশ শিল্পকলা একাডেমি নজরুল জয়ন্তী জহির উদ্দিন স্বপন কাজী নজরুল ইসলাম

আপনার মূল্যবান মতামত দিন: