প্রকাশ: ৩০ মে ২০২৬, অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিষ্কার রাখতে ভূমিকা রাখতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার পর রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। অনেক এলাকায় বর্জ্য পরিষ্কার করা হলেও এখনও কিছু স্থানে কাজ বাকি রয়েছে। নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিদেশের পরিচ্ছন্ন সড়ক ও নগর ব্যবস্থাপনা দেখে অনেকেরই ভালো লাগে। কিন্তু সেই পরিচ্ছন্নতার পেছনে শুধু কর্তৃপক্ষ নয়, সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নাগরিকরা যেখানে-সেখানে ময়লা না ফেললে নগর পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়।
তারেক রহমান বলেন, একটি ছোট ময়লাও যদি যথাস্থানে না ফেলা হয়, সময়ের সঙ্গে তা বড় সমস্যায় পরিণত হতে পারে। সবাই যদি দায়িত্বশীল আচরণ করে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলে, তাহলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।
তিনি পরিচ্ছন্নতাকর্মীদের শ্রম ও ত্যাগের কথা উল্লেখ করে বলেন, প্রচণ্ড রোদ, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শব্দের মধ্যে তারা কাজ করেন। তাই তাদের প্রতি সম্মান দেখানো এবং কাজকে সহজ করতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, শহর পরিষ্কার রাখার জন্য জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা হওয়ার প্রয়োজন নেই। একজন সচেতন নাগরিক হিসেবেই প্রত্যেকে এ দায়িত্ব পালন করতে পারেন। ময়লা টিস্যু, কাগজ কিংবা অন্যান্য বর্জ্য পকেটে রেখে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, নিজের পোশাকে সামান্য দাগ লাগলেও যেমন অস্বস্তি হয়, তেমনি দেশের পরিবেশ নোংরা থাকাও কারও কাম্য হতে পারে না। তাই সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
দেশের উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের একার নয়। দেশের প্রতিটি নাগরিকই এ দেশের অংশীদার। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: