odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করতে নতুন উদ্যোগ, হবে ‘২+২’ পরামর্শ বৈঠক

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২৬ ২৩:৫৮

প্রকাশ: ০৬ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ। এ লক্ষ্যে দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজন করা হবে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি যৌথ পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

#বাংলাদেশ #তুরস্ক #তারেক_রহমান #এরদোয়ান #হাকান_ফিদান #কূটনীতি #অধিকারপত্র

কীওয়ার্ড: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, তারেক রহমান, রিসেপ তাইয়িপ এরদোয়ান, হাকান ফিদান, কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপক্ষীয় সহযোগিতা, ২+২ বৈঠক, রোহিঙ্গা সংকট।



আপনার মূল্যবান মতামত দিন: