অধিকারপত্র ডটকম
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
নিজস্ব প্রতিবেদকq
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। তবে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত করবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা হবে এবং নির্বাচন কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। প্রয়োজনে প্রক্রিয়াগত কারণে ভোটগ্রহণের ভেন্যু পরিবর্তনের বিষয়ও বিবেচনা করা হতে পারে। এ সংক্রান্ত সব তথ্য সরকারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি চললেও নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে কমিশন সক্ষম।
ভোটার তালিকার বিষয়ে সিইসি বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো আইনগত বাধা নেই বলেও জানান তিনি।
এদিকে সাতক্ষীরা-৪ আসন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, আজকের বৈঠকের আলোচ্য বিষয় ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।
অধিকারপত্র ডটকমের পর্যবেক্ষণ: রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও নির্বাচন কমিশন এখনো কোনো তারিখ নির্ধারণ করেনি। কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও তফসিল ঘোষণার পরই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।

আপনার মূল্যবান মতামত দিন: