odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st July 2026, ৩১st July ২০২৬
কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীলতা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ৩০ July ২০২৬ ১৫:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ July ২০২৬ ১৫:৫৭

অধিকারপত্র ডটকম: ৩০ জুলাই ২০২৬ | বৃহস্পতিবার | ১৫ শ্রাবণ ১৪৩৩

 নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানানো হয়, এ নিয়োগপত্র প্রদান কর্মসূচির মধ্য দিয়েই প্রধানমন্ত্রী দিনের সরকারি কার্যক্রম শুরু করেন।

সরকারের উদ্যোগের অংশ হিসেবে কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই এ নিয়োগের মূল লক্ষ্য।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাঁকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: