অধিকারপত্র ডটকম শনিবার | ০১ আগস্ট ২০২৬ | ০১ শ্রাবণ ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক ঢাকা: সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। বিভিন্ন খাতে কিছু সমস্যা থাকলেও সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে সেসব সমস্যা সমাধান করা সম্ভব।
তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকার যেমন সচেতন, তেমনি ব্যবসায়ী সমাজও বিষয়গুলো অনুধাবন করছে। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী জানান, সরকারের মেয়াদ এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেক্টরভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগের বৈঠকে ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই সমাধান হয়েছে। নতুন যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলো নিয়েও সরকার কাজ করবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই কার্যকর সমাধান বেরিয়ে আসে। সরকার ও বেসরকারি খাতের মধ্যে এই সংলাপ ধারাবাহিকভাবে চলতে থাকলে আগামী চার থেকে পাঁচ বছরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।
বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্পায়নের পরিবেশ, সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার রূপরেখা উপস্থাপন করেন। সরকার এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: