odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th August 2026, ৫th August ২০২৬
প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

আক্কেলপুরে জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে স্কুলে ভাঙচুর

odhikarpatra | প্রকাশিত: ৪ August ২০২৬ ২২:০১

odhikarpatra
প্রকাশিত: ৪ August ২০২৬ ২২:০১

অধিকারপত্র ডটকম ০৪ আগস্ট ২০২৬ |

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় ভাণ্ডারপুর আলফা কিন্ডারগার্টেন স্কুলের এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে জড়িয়ে ধরেন এবং অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তবে ওই ছাত্রী ধাক্কা দিয়ে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুল ঘেরাও করেন। পরে তারা ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এমন ঘটনায় তিনি হতবাক এবং দ্রুত বিচার চান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও নারী-সংক্রান্ত অভিযোগ ও বাল্যবিবাহসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম স্বপন অভিযুক্তের কাজির লাইসেন্স ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে যান। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযুক্ত শফিউল হাসান দিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগটি তদন্তাধীন। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: