odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬
মনোনয়ন জমা ১৩ আগস্ট, বাছাই ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট; একক প্রার্থী হলে ১৬ আগস্টই নির্বাচিত ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

odhikarpatra | প্রকাশিত: ৬ August ২০২৬ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৬ August ২০২৬ ২৩:৪৪

:০৬ আগস্ট ২০২৬ | নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম। 

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একমাত্র বৈধ প্রার্থী থাকলে ভোটগ্রহণ ছাড়াই ১৬ আগস্টই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, কোনো প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। এছাড়া প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরও থাকতে হবে।

আইন অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যদি কেবল একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে নির্বাচনী কর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। সে ক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

সংশ্লিষ্টদের মতে, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে পুরো নির্বাচন পরিচালনা করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা বাধ্যতামূলক।

 



আপনার মূল্যবান মতামত দিন: