নিউজ ডেস্ক | অধিকারপত্র
ফুটবলপ্রেমীদের জন্য যেন পুরোনো এক স্বপ্ন আবার ফিরে এসেছে। বয়স ৪৬ বছর। পেশাদার ফুটবলে শেষবার মাঠে নেমেছিলেন প্রায় ১১ বছর আগে। অথচ সেই রোনালদিনহোই আবার ফিরছেন প্রতিযোগিতামূলক ফুটবলের আলোয়। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায়টি নতুন করে লিখতে চান ব্রাজিলের কিংবদন্তি।
রাভেন্না জানিয়েছে, রোনালদিনহোকে খেলোয়াড় হিসেবে নিবন্ধন করা হবে। তবে তিনি কবে মাঠে নামবেন, কিংবা আদৌ নিয়মিত খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। নিজেও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। রাভেন্নার কোচই শেষ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
৩০০তম গোলের অপেক্ষা
রোনালদিনহোর এই প্রত্যাবর্তনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাঁর ৩০০তম গোলের লক্ষ্য। নিজের ক্যারিয়ারে ২৯৯ গোলের মাইলফলকে থাকা এই ব্রাজিলিয়ান চান, রাভেন্নার হয়ে আরেকটি গোল করে ক্যারিয়ারকে ৩০০ গোলে নিয়ে যেতে। রাভেন্নায় নিজের পরিচয় তুলে ধরার সময় রোনালদিনহো বলেন, তিনি শারীরিকভাবে ভালো আছেন এবং ৩০০তম গোলটি করতে পারলে সেটি তাঁর জন্য আরও সুন্দর হবে। তবে মাঠে নামার সিদ্ধান্ত তাঁর একার হাতে নয় কোচ ও ক্লাব কর্তৃপক্ষই সেটি ঠিক করবেন।
শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে
রোনালদিনহোর শেষ অফিসিয়াল ম্যাচ ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁকে দেখা যায়নি।তবে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেন ২০১৮ সালে। দীর্ঘ এই বিরতির পর ৪৬ বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সিদ্ধান্ত তাই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে।
রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে তিনি জিতেছিলেন ব্যালন ডি'অর। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং এসি মিলানের হয়ে সিরি-আ শিরোপাও জিতেছেন তিনি।
রাভেন্নায় শুধু খেলোয়াড় নন, অংশীদারও
রোনালদিনহোর রাভেন্নায় যোগ দেওয়ার বিষয়টি শুধু মাঠে ফেরার গল্প নয়। তিনি ক্লাবটির একজন অংশীদারও হচ্ছেন। রাভেন্নার মালিক ও প্রেসিডেন্ট ইগনাজিও চিপ্রিয়ানি জুনেই তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ্যে আনেন।চিপ্রিয়ানি বলেছেন, রোনালদিনহোর সম্পৃক্ততা কেবল প্রচারণার জন্য নয়। তাঁর স্বপ্ন, রোনালদিনহো রাভেন্নার হয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করবেন। ক্লাবটির পুনর্গঠন এবং ভবিষ্যতে আরও বড় পর্যায়ে ওঠার পরিকল্পনার সঙ্গেও এই কিংবদন্তির উপস্থিতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি।
রাভেন্নার লক্ষ্য সিরি বি
ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না গত মৌসুমে সিরি সি-এর গ্রুপ বি-তে তৃতীয় হয়েছিল। এবার তাদের লক্ষ্য আরও ওপরে ওঠা এবং সিরি বি-তে ফেরার পথ তৈরি করা।ক্লাবটি সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে সিরি বি-তে খেলেছিল। রোনালদিনহোর আগমন তাই শুধু একজন কিংবদন্তি ফুটবলারের প্রত্যাবর্তন নয়, রাভেন্নার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পেরও বড় অংশ হয়ে উঠেছে।
প্রথম ম্যাচে দেখা যাবে না রোনালদিনহোকে
রাভেন্নার নতুন মৌসুমের প্রথম ম্যাচে রোনালদিনহোর মাঠে নামার সম্ভাবনা নেই। ক্লাবটি সোমবার রেজ্জিয়ানার বিপক্ষে মৌসুম শুরু করবে, কিন্তু ওই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার খেলার কথা নয়। তাঁর অভিষেকের তারিখও এখনো নির্ধারিত হয়নি।তবে এরই মধ্যে রাভেন্নায় তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। রোনালদিনহোকে স্বাগত জানাতে হাজারো সমর্থক শহরের সমুদ্রসৈকতে জড়ো হন। বৃষ্টির মধ্যেও তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শেষ অধ্যায়ে নতুন চমক
রোনালদিনহো বলেছেন, তিনি রাভেন্নায় এসেছেন বন্ধুদের সঙ্গে এবং দলকে জেতাতে সাহায্য করতে। মাঠে নামার সুযোগ পাওয়া যাবে কি না, সেটি সময়ই বলবে। তবে একটি বিষয় পরিষ্কার ফুটবল থেকে বহু বছর দূরে থাকার পরও রোনালদিনহোর জাদুর প্রতি মানুষের আগ্রহ এতটুকুও কমেনি। ৪৬ বছর বয়সে তাঁর সামনে এখন একটি ছোট কিন্তু প্রতীকী লক্ষ্য রাভেন্নার জার্সিতে একটি গোল করে ক্যারিয়ারের ৩০০তম গোল পূর্ণ করা।
সেটি হলে রোনালদিনহোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়টি নিঃসন্দেহে হয়ে উঠবে আরও স্মরণীয়।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: