অধিকার পত্র ডটকম, প্রবাস নিউজ ডেক্স:
সৌদি আরবের আবহা, খামিস মোশায়েত, জিজান ও আশপাশের এলাকায় প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সতর্কতা বার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি বাড়ির ভেতরে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতা বার্তায় বলা হয়েছে, এলাকাটি প্রতিকূল আকাশপথের হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় জানালা ও দরজা থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আবহা ও খামিস মোশায়েত এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও বিষয়টি নিয়ে সতর্কতা তৈরি হয়েছে। একজন বাংলাদেশি প্রবাসী বলেন, “এ ধরনের সতর্কতা বার্তা মোবাইল ফোনে সরাসরি পেলে আমরা সময়মতো নিরাপদ স্থানে যেতে পারি। এখানে অনেক বাংলাদেশি পরিবার নিয়ে বসবাস করেন। তাই আমাদের জন্যও দ্রুত ও নির্ভরযোগ্য সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “কর্তৃপক্ষের নির্দেশনা সবাইকে গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে। বিশেষ করে জানালা, দরজা ও খোলা জায়গা থেকে দূরে থেকে নিরাপদ স্থানে থাকা প্রয়োজন।”
প্রবাসীরা বলছেন, ঝুঁকিপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা বার্তা দ্রুত মোবাইল ফোনে পৌঁছালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ সব প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সতর্কতা বার্তার পাশাপাশি সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: