অধিকার পত্র ডটকম, বিশেষ প্রতিনিধি/
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় থাকা ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রাখা হয়েছে। ফলে বর্তমানে প্রতীকটি কোনো প্রার্থীকে বরাদ্দ দেওয়া যাবে না।
নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় বলে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, নির্ধারিত তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে স্থগিত প্রতীক এ বরাদ্দের আওতায় থাকবে না।
চূড়ান্ত তালিকায় মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রচলিত প্রতীকের পাশাপাশি ‘না’ প্রতীকও রয়েছে। তালিকায় আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাস্তে, কাপ-পিরিচ, কাঁচি, কাঁঠাল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, ট্রাক, ট্র্যাক্টর, ডাব, তারা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, লিচু, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
তালিকার ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে। এর ফলে ১২০টি প্রতীকের তালিকায় প্রতীকটি থাকলেও তা বর্তমানে বরাদ্দযোগ্য প্রতীকের বাইরে রয়েছে।
সংশোধিত বিধিমালায় একক প্রার্থী থাকা আসনে ভোটারদের জন্য ‘না’ প্রতীক ব্যবহারের বিধানও যুক্ত হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।
