odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 18th September 2026, ১৮th September ২০২৬
শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে যোগ্যতার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার: রাষ্ট্রপতি

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৩৯

অধিকারপত্র ডটকম : বিশেষ প্রতিনিধি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে উপাচার্য আগামী বছরের এপ্রিলে প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।