অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তির ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের একজন যাত্রীর দিকে ছুরি ধরে রাখেন। অপরজন যাত্রীর প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করার চেষ্টা করেন।
ভিডিওতে একপর্যায়ে ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ তবে যাত্রী নড়াচড়া করায় এক ছিনতাইকারী তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়। পরে ছুরি দিয়ে তাঁর পকেট কাটতে দেখা যায় ওই ব্যক্তিকে।
এ সময় আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে দুই ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে চলে যান বলে ভিডিওতে দেখা যায়।
স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এ ঘটনায় কোনো ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেননি।
তিনি বলেন, বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটি সম্পর্কে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
