অধিকার পত্র ডটকম : ঢবি প্রতিনিধি/
করপোরেট ও ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক হিসাব-নিকাশ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ (এএফএনএ) নামের ছয় সপ্তাহের এই কোর্সটি মূলত হিসাববিজ্ঞানে প্রাতিষ্ঠানিক বা পেশাগত অভিজ্ঞতা নেই—এমন পেশাজীবীদের জন্য তৈরি করা হয়েছে।
আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় কোর্সটি পরিচালিত হবে। কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন জানান, ছয় সপ্তাহের কোর্সটির সিলেবাসে অ্যাকাউন্টিং সিস্টেম, আর্থিক বিবরণী, বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন, খরচ হিসাবের পদ্ধতি, বাজেট প্রণয়ন, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এবং ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
কোর্সটি এমন ব্যক্তিদের জন্য, যাঁদের হিসাববিজ্ঞানে সামান্য অথবা কোনো পূর্ব অভিজ্ঞতা নেই; তবে ব্যবসায়িক লেনদেনের হিসাব বোঝা এবং ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক তথ্য ব্যবহারের প্রয়োজন রয়েছে।
আবেদনের যোগ্যতা ও সময়সূচি
কোর্সের ক্লাস প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং বেলা ২টা ১৫ মিনিটে আইবিএতে অনুষ্ঠিত হবে।
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে রোলিং ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের কোর্স ফি হিসেবে মোট ৩২ হাজার টাকা পরিশোধ করতে হবে।
কোর্সের ক্লাস শুরু হবে ৬ নভেম্বর ২০২৬ থেকে।
যেভাবে হবে প্রশিক্ষণ
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিজনেস স্কুলের অভিজ্ঞ শিক্ষক ছাড়াও শিল্প খাতের পেশাজীবীরা কোর্সে রিসোর্স পারসন হিসেবে ক্লাস নেবেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কেস স্টাডি, ব্যক্তিগত ও দলগত অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হবে।
কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
যোগাযোগ
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ তলার রুম ৪০২, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া ০১৭৬৬-৯৯৩৩৯০ ও ০১৭২৬-৮৮৫৩২৯ নম্বরে ফোন অথবা mdp@iba-du.edu ই-মেইলে যোগাযোগ করা যাবে।
