odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
গাজীপুরের পাবাইল রিসোর্ট ক্লাবের লেক এলাকার কটেজে ডিএনসির অভিযান; এমডিএমএ, কোকেন, বিদেশি মদ ও অন্যান্য মাদকসহ চারজন গ্রেপ্তার।

গাজীপুরের রিসোর্টে ডিজে পার্টিতে মাদক: ৪ জন গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ১৬:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ১৬:৫৯

 অধিকারপত্র ডটকম,গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের একটি রিসোর্টে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার রাতে ডিএনসির গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন এ তথ্য জানান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পাবাইল রিসোর্ট ক্লাবের লেক এলাকার ‘টিউবারোজ’ নামের একটি কটেজে অভিযান চালানো হয়। সেখানে একটি ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল বলে কর্মকর্তারা জানান।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মাহিদুল ইসলাম রাহাত (২৮) ও কাশফিয়া নিশাত (২৫)।

যেসব মাদক জব্দ

অভিযানে ২১টি এমডিএমএ (এক্সট্যাসি) ট্যাবলেট, ২৪ গ্রাম ‘কুশ’, ১ গ্রাম কোকেন, চার বোতল বিদেশি মদ এবং ২০ গ্রাম ‘স্ট্রবেরি ড্রিম’ মিশ্রিত গামি জব্দ করা হয়েছে।

এ ছাড়া একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর), তিনটি আইফোন ও একটি অপো মোবাইল ফোনও জব্দ করা হয়।

‘সনিক প্লাস’ ব্যানারে আয়োজন

ডিএনসি কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম মিঠুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী তানজিম, নিশু ও রাহাত ‘সনিক প্লাস’ নামের ব্যানারে অনুষ্ঠানটি আয়োজন করেন এবং রিসোর্টটি পরিচালনা করছিলেন।

ডিএনসি কর্মকর্তার দাবি, অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের কাছে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক সরবরাহ করা হয়েছিল।

রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, তানজিম, নিশু ও রাহাত অনুষ্ঠান আয়োজনের জন্য ক্লাবটি ভাড়া নিয়েছিলেন।

ঘটনাটি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করছে।