অধিকারপত্র ডটকম জাতীয় ডেক্স
বিশেষ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬: : প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ভাতা বাড়ানো হবে বলে তিনি জানান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমাজের অন্য সবার মতো অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করা সরকার ও সমাজের দায়িত্ব।
তিনি বলেন, অতীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে সাংকেতিক ভাষার ব্যবস্থা
প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানান প্রধানমন্ত্রী।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, হাসপাতালগুলোতে সাংকেতিক ভাষা জানা ব্যক্তিদের ব্যবস্থা করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।
প্রতিবন্ধী নারীদের আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্ব
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।
এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া প্রতিবন্ধী কৃষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
প্রতিবন্ধীবান্ধব বাস ও চলাচলের সুবিধা
প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচলের সমস্যা সমাধানে গণপরিবহনকে আরও উপযোগী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করার পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সুবিধা না থাকলে সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদন না দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান সংগ্রহের উদ্যোগ
দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের কাছে উপস্থাপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সাংবিধানিক বিবেচনার সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
আইনি সহায়তা নিশ্চিতে সমঝোতা স্মারক
প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার বিষয়ে সমাজকল্যাণ, আইন এবং নারী ও শিশুবিষয়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাঁদের সমস্যাগুলো অনুধাবন করে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষেরই সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরাও যেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেয়ে স্বাবলম্বী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করবে।
প্রতিবন্ধী ক্রীড়াবিদকে সহযোগিতার আশ্বাস
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা নিজেদের বিভিন্ন দাবি, সমস্যা ও অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ সময় মো. মহসিন নামের এক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনেছেন বলে জানালে মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন তারেক রহমান। পাশাপাশি বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তাঁর দলকে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
---
**প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ, হাসপাতাল-গণপরিবহনেও আসছে পরিবর্তনের পরিকল্পনা**
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোসহ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সাংকেতিক ভাষায় সেবা এবং প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালুর বিষয়গুলো বিবেচনা করছে সরকার।
শনিবার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, অধিকার ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
**বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকমে।**
#তারেকরহমান #প্রতিবন্ধীভাতা #প্রতিবন্ধীবান্ধববাংলাদেশ #প্রতিবন্ধীঅধিকার #কর্মসংস্থান #সাংকেতিকভাষা #বাংলাদেশ #অধিকারপত্রডটকম
