বিশেষ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দুই দেশের অংশগ্রহণের প্রস্তুতির মধ্যে এ বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর দেশটির আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের সম্মেলন নিয়েও আলোচনা হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি বৈঠকে উঠে আসে।
শামা ওবায়েদ ইসলাম কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ক্ষেত্রে কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
