02/07/2026 শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে বড় বার্তা দিলেন তারেক রহমান! জামায়াতের সাথে ‘ঐক্য সরকার’ গঠন নিয়েও জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত।
odhikarpatra
৭ February ২০২৬ ১১:৪৪
অধিকারপত্র ডটকম
অনলাইন ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা এবং জামায়াতে ইসলামীর সাথে সম্ভাব্য ‘ঐক্য সরকার’ গঠন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন।
সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক তার কাছে জানতে চান, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না।
জবাবে তারেক রহমান গণতান্ত্রিক উদারতার বহিঃপ্রকাশ ঘটিয়ে বলেন, "যদি জনগণ কাউকে মেনে নেয় এবং মানুষ যদি তাদের স্বাগত জানায়, তবে যে কারও রাজনীতি করার অধিকার আছে।"
এদিকে, নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে মিলে ‘ঐক্য সরকার’ গঠনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, বিএনপি এককভাবেই সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে। তারেক রহমান প্রশ্ন তোলেন, "আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?" তবে জামায়াত যদি পর্যাপ্ত আসন পেয়ে বিরোধী দলের অবস্থানে থাকে, তবে তাদের একটি ‘ভালো বিরোধী দল’ হিসেবে দেখার আশা ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত বা চীনের দিকে ঝোঁকার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তাদের মূল লক্ষ্য হবে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা দেশের মানুষের কল্যাণে উপযুক্ত প্রস্তাব দেবে, তাদের সবার সাথেই বন্ধুত্ব করবে বিএনপি।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। অন্যদিকে, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে।