02/09/2026 শিক্ষার্থীদের জন্য বড় সুখবর! ভোট দিতে নিজ এলাকায় যাওয়ার বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন
odhikarpatra
৮ February ২০২৬ ১৯:৫৭
কুবি শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস |
কুবি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত তথ্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট দিতে ইচ্ছুক, তাদের নাম, বিভাগ, সেশন, এনআইডি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আজ রোববার বিকেল ৫টা অথবা সোমবার সকাল ১০টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, "শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি গন্তব্যে পর্যাপ্ত সংখ্যক আবেদনকারী থাকলে বাস সরবরাহে কোনো সমস্যা হবে না। সোমবার বিকেলের মধ্যেই বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষিতেই দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।