04/06/2026 তেল আবিবে রণক্ষেত্র! নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল, ব্যাপক গ্রেফতার
odhikarpatra
৫ April ২০২৬ ০৩:২৯
অধিকারপত্র ডটকম
প্রতিবেদন প্রকাশের তারিখ: ৫ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব। শনিবার রাতে আয়োজিত এই বিশাল যুদ্ধবিরোধী সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা তেল আবিবের রাজপথে নেমে ইরানের সাথে সরাসরি সংঘাতের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন।
তাদের দাবি, এই যুদ্ধ কেবল প্রাণহানি এবং আঞ্চলিক অস্থিরতা বাড়াচ্ছে। একইসঙ্গে তারা বর্তমান সরকারের ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, পুলিশ জোরপূর্বক বেশ কয়েকজন বিক্ষোভকারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং গ্রেফতার করছে।
ইসরায়েলি পুলিশের দাবি, জননিরাপত্তা এবং যান চলাচল সচল রাখতে তারা ব্যবস্থা নিয়েছেন। তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের অভ্যন্তরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এই ক্রমবর্ধমান জনরোষ বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।