04/15/2026 সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা অনুষ্ঠিত
odhikarpatra
১৪ April ২০২৬ ২৩:৪৯
অধিকার পত্র ডটকম
মূল প্রতিবেদন
ঢাকা: সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু জাফর।
জানাজায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মরহুমের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিকসহ আইন অঙ্গনের বিভিন্ন স্তরের ব্যক্তিরা। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও রেজিস্ট্রার জেনারেলসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার শফিক আহমেদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি এবং ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি হন।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
আজ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।