04/27/2026 বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
odhikarpatra
২৭ April ২০২৬ ১৫:৩৬
যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে খননস্থলে পৌঁছে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেন, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিতি পায়। দীর্ঘদিন অব্যবস্থাপনায় মৃতপ্রায় হয়ে পড়া খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃখনন করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধনী ফলকে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমভিত্তিক গণ-উপযোগী প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সামাজিক আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শার্শা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোর থেকেই অনেক মানুষ ফুল হাতে খননস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রী খালে নেমে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করলে তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। ওইদিন দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।