05/18/2026 সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি সিলযুক্ত ৯৫ বস্তা চাল জব্দ
odhikarpatra
১৬ May ২০২৬ ১৯:৩৩
নোয়াখালীর চরজব্বরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল উদ্ধার; বৈধ কাগজপত্র যাচাই শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের ঈমান আলী বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জব্দ হওয়া চালগুলো চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রাখা ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়িটি ঘিরে রাখেন এবং পরে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত মোট ৯৯ বস্তা চাল পাওয়া যায়। তবে চার বস্তা চাল খোলা থাকায় সেগুলো বাদ দিয়ে ৯৫ বস্তা চাল জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানের নির্দেশে চালগুলো চরজব্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়।
চরজব্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ জানান, চালগুলোর বিষয়ে বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বাড়ির মালিককে বলা হয়েছে। কাগজপত্র যাচাইয়ের পর প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
অভিযুক্ত আবদুস সামাদ দাবি করেছেন, চালগুলো লক্ষ্মীপুর জেলার কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাঁর ভাই কিনেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বরাদ্দের চাল ব্যক্তিগতভাবে সংরক্ষণ বা কেনাবেচার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, জব্দ করা চালগুলো সরকারি কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সরকারি চাল ব্যক্তিগত বাড়িতে মজুত রাখা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সরকারি খাদ্য সহায়তা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
#নোয়াখালী #সুবর্ণচর #সরকারিচাল #জামায়াত #খাদ্যঅধিদপ্তর #বাংলাদেশ #অধিকারপত্রডটকম
নোয়াখালী, সুবর্ণচর, সরকারি চাল, খাদ্য অধিদপ্তর, জামায়াত নেতা, ইউএনও, চরজব্বর ইউনিয়ন, চাল জব্দ, প্রশাসনিক অভিযান