05/18/2026 যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
odhikarpatra
১৮ May ২০২৬ ১৬:১২
নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
চিকিৎসকদের পরামর্শে গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সফরকালে গত ১২ মে ক্যামব্রিজের Royal Papworth Hospital-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়।
পরীক্ষায় হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুর-এ রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
বিদেশে অবস্থানকালেও রাষ্ট্রপতি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি তিনি ডিজিটাল পদ্ধতিতে অনুমোদন ও স্বাক্ষর করেন বলে জানা গেছে।
এদিকে, লন্ডন সফরকালে রাষ্ট্রপতি ড. কামিল ইদ্রিস-এর সঙ্গে একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎও করেন।