05/23/2026 নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ
odhikarpatra
২২ May ২০২৬ ২৩:৫১
প্রকাশের সময়: ২২ মে ২০২৬
জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ, ২২ মে : জাতীয় নাগরিক পার্টি-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী হয়েছেন এনসিপির নেতা তারেক রেজা।
মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, পৌর ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসেন, ছাত্রদল নেতা হাদু ও আরাফাত হোসেন-কে।
এদিকে মামলার প্রতিবাদে রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর থানার সামনে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা থানার ভেতরে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বের করে দেওয়ার দাবি জানান। এ সময় থানায় প্রবেশের চেষ্টা ব্যর্থ হলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের পায়রা চত্বরে সমাবেশ করেন। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে।