05/25/2026 অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী
odhikarpatra
২৪ May ২০২৬ ২৩:০১
প্রকাশ : ২৪ মে ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৪ মে ২০২৬: জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সম্পূর্ণ নতুন ও আধুনিক আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”
তিনি জানান, আগামী সংসদ অধিবেশনেই আইনটি বিল আকারে পাসের জন্য উপস্থাপন করা হবে।
মাদক আইনের সংস্কার ও মামলার জট নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, মামলার সংখ্যা বিবেচনায় বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।
পাসপোর্টে পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পাসপোর্টে পূর্বের মতো ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছ পুনঃস্থাপন করা হবে। তিনি বলেন, এটি দেশের জনগণের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত।