05/25/2026 ঈদযাত্রা ও পশুর হাট ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির বিশেষ নির্দেশনা
odhikarpatra
২৪ May ২০২৬ ২৩:১৪
প্রকাশ : ২৪ মে ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৪ মে ২০২৬: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুট পারমিটবিহীন কোনো বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং সড়কের ওপর কোথাও বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া যাত্রী ওঠানো-নামানোও নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। এছাড়া ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন চলাচল করতে পারবে না।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক ২৫, ২৬ ও ২৭ মে একমুখী হিসেবে ব্যবহার করা হবে। এ সময়ে শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য যানবাহন চলাচল করতে পারবে।
একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী দুটি লেনও ওই তিন দিন শুধু ঢাকা ত্যাগকারী যানবাহনের জন্য ব্যবহার করা হবে। ঢাকামুখী যানবাহনকে বিকল্প লেন ব্যবহার করতে হবে।
যানজট কমাতে গাবতলী, কল্যাণপুর, মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বিআরটিসি বাসগুলোকে ঢাকা শহর অতিক্রম না করে নিজ নিজ নির্ধারিত বিভাগীয় রুটে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি জরুরি প্রয়োজন ছাড়া ২৫ থেকে ২৭ মে পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরপুর রোড, ঢাকা-মাওয়া মহাসড়ক, মোহাম্মদপুর বসিলা সড়ক ও আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ সড়ক।