05/31/2026 কওমি শিক্ষার্থীদের আপত্তির মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত
odhikarpatra
৩০ May ২০২৬ ১৬:৫৩
প্রকাশ: ৩০ মে ২০২৬
অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্ধারিত প্রদর্শনী স্থগিত করা হয়েছে। কওমি শিক্ষার্থীদের একটি অংশের বিরোধিতা, ভেন্যুর অনুমতি প্রত্যাহার এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কার মধ্যে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে শনিবার বিকেল ৩টায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজনের বিরুদ্ধে প্রচারণা শুরু হলে পরিস্থিতি নিয়ে উত্তেজনা দেখা দেয়।
জানা গেছে, কওমি শিক্ষার্থীদের কয়েকজন নেতা ফেসবুকে চলচ্চিত্র প্রদর্শনীর বিরোধিতা করে পোস্ট দেন। পরে স্থানীয় একটি মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে প্রদর্শনী না করতে দেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচির কথাও জানানো হয়।
পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এক বিবৃতিতে জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নির্ধারিত ভেন্যুর অনুমতি প্রত্যাহার করা হয়েছে। ফলে আপাতত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার বলেন, বিভিন্ন ধরনের বাধার মধ্যেও তারা প্রদর্শনী আয়োজনের চেষ্টা করেছিলেন। তবে হামলার আশঙ্কায় বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি বাতিল করায় এবং বিকল্প ভেন্যু না পাওয়ায় আয়োজনটি স্থগিত করতে হয়েছে। একই সঙ্গে প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তিনি।
এদিকে প্রদর্শনী স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সংস্কৃতিকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর বলেন, আইনগতভাবে নিষিদ্ধ নয় এমন একটি সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় জেলার ভাবমূর্তি নিয়ে নেতিবাচক বার্তা যেতে পারে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে প্রশাসনের কাছে কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় আপাতত প্রদর্শনী বন্ধ থাকবে বলে জানান তিনি।