07/22/2026 কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার
odhikarpatra
৩১ May ২০২৬ ২২:৩৩
প্রকাশিত: ৩১ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ৪ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ৫নং পাঁচথুবী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ জুন) বিকেলে উপজেলার শালধর এলাকার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মতিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাক মিয়াকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে, তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। যেহেতু তিনি মাদকসহ গ্রেফতার হয়েছেন, তাই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, মোস্তাক মিয়ার গ্রেফতারের বিষয়টি তারা জেনেছেন। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে মামলার তদন্ত চলমান থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি তদন্তাধীন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।