06/14/2026 কামালপুর সীমান্তে আটকা পড়া বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর
odhikarpatra
১৩ June ২০২৬ ২৩:১৬
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ষষ্ঠি চন্দ্র বর্মন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলাই (ললিতনগর) গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্যজীবী ও কৃষক। এক ছেলে ও তিন মেয়ের জনক এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মাছ ধরা ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
প্রায় তিন মাস আগে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্তে আটকে থাকা এক বৃদ্ধের ভিডিও প্রকাশিত হলে স্বজনরা তাকে শনাক্ত করেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বকশীগঞ্জ থানায় যোগাযোগ করেন। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরিবারের সদস্যদের ধারণা, নিখোঁজ হওয়ার পর কোনোভাবে তিনি ট্রেনে উঠে নিজ এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। তবে কীভাবে তিনি সীমান্ত এলাকায় পৌঁছেছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ষষ্ঠি চন্দ্র বর্মনের ভাই সুমন বর্মন বলেন, “মাসের পর মাস ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। বিভিন্ন জায়গায় খুঁজেছি। সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে শনাক্ত করতে পারি। ভাইকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত।”
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার পর পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে স্বজনদের তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করে বিজিবি ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।