06/23/2026 ধানমন্ডিতে সাংবাদিকদের আওয়ামী দোসর আখ্যা দিয়ে জামায়াত নেতাকর্মীদের বেধড়ক মারধর, আহত ২
Special Correspondent
২৩ June ২০২৬ ১৫:৩৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের ওপর চড়াও হন জামায়াত নেতাকর্মীরা। এই হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন -এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানো এবং বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। মিছিলে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে ব্রিফিং করার সময় পরিস্থিতির অবনতি ঘটে। সাংবাদিকরা সেখানে উপস্থিত একজন সিনিয়র সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ জানালে জামায়াত নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াত কর্মীরা গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেন। উপস্থিত সাংবাদিকরা এই আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সাংবাদিকদের ওপর বর্বর হামলা
প্রতিবাদের একপর্যায়ে জামায়াত নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং আকস্মিক এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের কলার ধরে টেনেহিঁচড়ে কিল-ঘুষি মারেন। তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। হামলায় যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকীও গুরুতর আহত হন। বর্বর এই হামলার পর সাংবাদিক শিশিরের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সংবাদপত্রের স্বাধীনতা কি এটাই?
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটি অত্যন্ত লজ্জার। আপনারা (জামায়াতে ইসলামী) তো সবসময় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে এভাবে প্রকাশ্যে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?
জামায়াতের বক্তব্য ও তদন্তের আশ্বাস
সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, "আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে জানান, তারা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করেন না। তিনি বলেন ভিডিও ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব। এছাড়া কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কি না- তাও গভীরভাবে তদন্ত করে দেখা হবে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র