06/25/2026 আশুরায় রাজধানীতে ৩ দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা: যেসব সড়ক এড়িয়ে চলবেন
Special Correspondent
২৪ June ২০২৬ ১৬:৫০
নিউজ ডেস্ক | অধিকারপত্র
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা থেকে আগামী শুক্রবার (২৬ জুন) পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়ক ও রুটে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত এবং বন্ধ থাকবে। তীব্র যানজট এড়াতে নগরবাসীকে এসব রুট এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নিচে আগামী ৩ দিনের ট্রাফিক নির্দেশনা ও রুটগুলোর বিস্তারিত তুলে ধরা হলো:
১. আজ বুধবারের নির্দেশনা (সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৩০)
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা) লালবাগ বিভাগের নিম্নোক্ত সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে:
হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসেনি দালান মোড় → বকশী বাজার মোড় → বকশীবাজার (কলপাড়) মোড় → নল উমেশ দত্ত রোড → কারা সদর দপ্তর নতুন রাস্তা → চকবাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চকবাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চকবাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়া।
২. আগামীকাল বৃহস্পতিবারের নির্দেশনা (রাত ২:০০ থেকে ভোর ৪:০০)
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাজিয়া মিছিলের জন্য বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে যেসব সড়ক:
হোসেনি দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চকবাজার মডেল থানা মোড় → চকবাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দত্ত রোড → বকশীবাজার (কলপাড়) মোড় → বকশীবাজার লেন → হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টায় হোসেনি দালান ইমামবাড়া।
৩. আগামী শুক্রবারের নির্দেশনা (সকাল ১০:০০ থেকে দুপুর ২:৩০)
শুক্রবার সকাল ১০টা থেকে মূল তাজিয়া মিছিল শুরু হয়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত দীর্ঘ এই রুটে ট্রাফিক ডাইভারশন থাকবে:
হোসেনি দালান ইমামবাড়া → হোসেনি দালান রোড → বকশীবাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশীবাজার (কলপাড়) মোড় → উমেশ দত্ত রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।
নিশ্ছিদ্র নিরাপত্তা ও ডিএমপির কড়া নিষেধাজ্ঞা
গত মঙ্গলবার সকালে হোসেনি দালান ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আশুরার শোক কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে:
নিশানের উচ্চতা ও ধারালো বস্তু: মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্শা নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না।
ব্যাগ ও পার্সেল নিষিদ্ধ: বড় ব্যাগ, সুটকেস, ছাতা কিংবা সন্দেহজনক কোনো প্যাকেট বা বক্স নিয়ে ইমামবাড়ায় বা মিছিলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শব্দ ও আতশবাজি: উচ্চমাত্রার পিএ সিস্টেম বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার ঢাক-ঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। আতশবাজি ও পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
স্বেচ্ছাসেবক মোতায়েত: প্রতিটি আয়োজক কমিটিকে আইডি কার্ড বা নির্দিষ্ট পোশাকসহ পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন রাখতে হবে।
জরুরি সেবা: আপদকালীন সময়ের জন্য ফায়ার ফাইটার ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। ধানমন্ডি লেকে নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোতায়েন থাকবে। এছাড়া গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বর:
কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পুলিশ অথবা নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
ডিএমপি ট্রাফিক কন্ট্রোলরুম: ০১৭১১০০০৯৯০, ০১৭১১০০০৯৯১
পুলিশ কন্ট্রোলরুম: ০১৩২০০৩৭৮৪৫, ০১৩২০০৩৭৮৪৬
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র