07/22/2026 ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, শান্তি সমঝোতা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপ খামেনির
odhikarpatra
২১ July ২০২৬ ০১:২৪
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬
তেহরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শান্তি সমঝোতা (এমওইউ) লঙ্ঘনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘মূল্যহীন ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শনিবার (১৮ জুলাই) ইরানি জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আবারও প্রমাণ করেছে যে ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও আগ্রাসী নীতির অভিযোগ তোলেন।
খামেনির ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ‘প্রকৃত ও মুখোশহীন চেহারা’ প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞতা তাদের মিথ্যাচার, অবিশ্বাসযোগ্যতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের আরেকটি সুস্পষ্ট প্রমাণ। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধংদেহী নীতি অব্যাহত রাখে এবং ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চায়, তাহলে তাদের ‘অবিস্মরণীয় শিক্ষা’ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। শান্তি সমঝোতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও, এর মধ্যেই উভয় পক্ষের মধ্যে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে দেশটির বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
এদিকে শনিবার ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করায় ইরানও শান্তি সমঝোতার অধীনে নিজেদের দায়বদ্ধতা বাস্তবায়ন স্থগিত করেছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: সিনহুয়া নিউজ এজেন্সি