07/28/2026 স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
odhikarpatra
২৭ July ২০২৬ ২৩:৫৯
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩
অধিকারপত্র ডেস্ক
ঢাকা: স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও যুগোপযোগী নীতিমালা প্রণয়নে দেশের সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।
বৈঠকে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা বিকাশে সরকারের উদ্যোগ, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতিমালা প্রণয়নে সম্পাদকদের মতামত ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম