08/03/2026 ফুটবলের বাইরে আরেক নেশা পোকার, কোটি কোটি টাকা আয় করেছেন নেইমার
odhikarpatra
২ August ২০২৬ ২৩:২৯
অধিকারপত্র ডটকম ০২ আগস্ট ২০২৬ |
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ | ক্রীড়া প্রতিনিধি
ঢাকা: ফুটবল বিশ্বে নেইমার জুনিয়রের পরিচিতি নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তবে মাঠের বাইরেও তাঁর আরেকটি বড় পরিচয় রয়েছে—পোকার খেলোয়াড় হিসেবে। গত এক দশকের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি চলাকালে ব্রাজিল দলের সতীর্থদের সঙ্গে খেলতে গিয়েই পোকারের প্রতি আগ্রহ জন্মায় নেইমারের। এরপর ধীরে ধীরে এটি তাঁর অন্যতম প্রিয় শখে পরিণত হয়। বিশেষ করে চোটের সময় এবং ফুটবলের বাইরে অবসর কাটাতে পোকারই হয়ে ওঠে তাঁর অন্যতম সঙ্গী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP)-এ অংশ নিলেও এবার পুরস্কারের অর্থ জেতার আগেই বিদায় নিতে হয়েছে তাঁকে।
তবে দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে নথিভুক্ত হিসাব অনুযায়ী নেইমার প্রায় ২৪ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮২ লাখ টাকার বেশি পুরস্কার জিতেছেন।
নেইমার নিয়মিত অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (BSOP), ইউরোপিয়ান পোকার ট্যুর (EPT) এবং ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের মতো মর্যাদাপূর্ণ আসরে। একসময় বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন পোকার প্ল্যাটফর্ম PokerStars-এর শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৩ সালে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার সময় পোকারে আরও বেশি মনোযোগ দেন নেইমার। অনলাইন ও সরাসরি—দুই ধরনের প্রতিযোগিতাতেই নিয়মিত অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়াতে কাজ করেন।
ব্রাজিলিয়ান সিরিজ অব পোকারের (BSOP) প্রধান নির্বাহী রাফায়েল মোরায়েসের মতে, নেইমারের পোকারপ্রেম শুধু শখ নয়, বরং খেলাটির প্রতি তাঁর গভীর নিবেদন রয়েছে।
মোরায়েস বলেন, নেইমারের সবচেয়ে বড় শক্তি তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতা। ফুটবলের মতো পোকার টেবিলেও তিনি আক্রমণাত্মক কৌশলে খেলেন, চাপের মুহূর্তে আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন এবং প্রতিটি সিদ্ধান্ত বিশ্লেষণ করে নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা করেন।
তিনি জানান, চলতি মৌসুমেই বিভিন্ন নথিভুক্ত টুর্নামেন্ট থেকে নেইমার তিন লাখ রিয়ালের বেশি পুরস্কার জিতেছেন এবং কয়েকটি বড় আসরের ফাইনাল টেবিলেও জায়গা করে নিয়েছেন।
নেইমারের জনপ্রিয়তাকে সামনে রেখে আয়োজকেরা ‘BSOP One Neymar Jr.’ নামে একটি বিশেষ আমন্ত্রণমূলক টুর্নামেন্টও চালু করেছে।
তবে পোকারের প্রতি অতিরিক্ত আগ্রহ নিয়ে সমালোচনাও হয়েছে। গত বছর সান্তোসের একটি ম্যাচ চলাকালে ভিআইপি বক্সে বসে অনলাইনে পোকার খেলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার সময়ও সান্তোসের একটি ম্যাচ চলছিল। যদিও ক্লাব জানিয়েছে, ম্যাচের দলে না থাকা খেলোয়াড়রা অবসর সময়ে কী করবেন, তা তাঁদের ব্যক্তিগত বিষয়।
ফুটবলের পাশাপাশি পোকারেও নিজের পরিচিতি গড়ে তোলা নেইমারের কাছে খেলাটি শুধু বিনোদন নয়; বরং মানসিক চ্যালেঞ্জ, কৌশল এবং প্রতিযোগিতার এক ভিন্ন জগৎ।